ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক প্রকল্পটি সারা বিশ্বে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশেও শুরু হয়েছে স্টারলিংকের দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা।
কীভাবে অর্ডার করবেন?
স্টারলিংকের সংযোগ নিতে হলে প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নির্ধারিত ঠিকানা লিখে বা লোকেশন আইকন ক্লিক করে অর্ডার পেজে প্রবেশ করা যায়। এরপর পছন্দের প্যাকেজ নির্বাচন করে ‘চেকআউট’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যোগাযোগের ঠিকানা ও পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রদান করে অর্ডার নিশ্চিত করতে হবে।
পেমেন্টের সময় ব্যবহারকারীদের ফটো আইডির কপি জমা দিতে হবে। সংযোগ নেওয়ার পর প্রয়োজনীয় ডিভাইস ও রাউটার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে।
স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটের মূল্য ধরা হয়েছে ৪৭,০০০ টাকা,0 সঙ্গে রয়েছে ২,৮০০ টাকার শিপিং চার্জ। সব মিলিয়ে মোট খরচ ৪৯,৮০০ টাকা। চাইলে আলাদা খরচে পিভট মাউন্ট (৬,৭০০ টাকা), ওয়াল মাউন্ট (৫,৯০০ টাকা) বা পাইপ অ্যাডাপ্টর (২,৬০০ টাকা) কেনা যাবে। সংযোগ চালু হলে ব্যবহারকারীদের প্রতি মাসে নির্ধারিত প্যাকেজ অনুযায়ী বিল পরিশোধ করতে হবে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা
বগুড়ার প্রযুক্তি উদ্যোক্তা মো. নাছিম উদ্দীন জানিয়েছেন, তিনি প্রি-বুকিংয়ের মাধ্যমে স্টারলিংক সংযোগের জন্য আগে থেকেই নিবন্ধন করেছিলেন। আজ ইমেইলে নিশ্চিত বার্তা পাওয়ার পর তিনি সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন এবং জানান, তিনি গ্রামের বাড়িতে ইন্টারনেট ব্যবহারের জন্য এই সংযোগ নিচ্ছেন। স্থানীয় ব্যাংকের কার্ডে লেনদেন করতে পারায় প্রক্রিয়াটি তার জন্য সহজ হয়েছে।
একইভাবে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা ও ফ্রিল্যান্সার মো. রাশেদুল ইসলাম চৌধুরী জানান, তিনি আজ সকালে অর্ডার দিয়েছেন এবং পুরো প্রক্রিয়াটি মাত্র তিন মিনিটেই সম্পন্ন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সহজ পদ্ধতির কারণে স্টারলিংক সংযোগ নেওয়া খুবই সুবিধাজনক হয়েছে।

0 Comments